বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা একটি গুরুত্বপূর্ণ সেতু নিজ অর্থায়নে সংস্কার করে স্থানীয় মানুষের প্রশংসা কুড়িয়েছেন বিএনপি নেতা ও সমাজসেবক হাসানুজ্জামান আর্মি খোকন।
জানা গেছে, কেদারপুর ইউনিয়নের এমপিরহাট বাজার থেকে দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজার সংযোগ সড়কের ওপর অবস্থিত সেতুটির মাঝখানের ছাদ ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। প্রতিদিন শত শত মানুষ এ সড়ক ব্যবহার করলেও ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, পণ্যবাহী মিনি ট্রাক ও পিকআপ চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য ও বিপজ্জনক।
স্থানীয়দের অভিযোগ, সেতুটির বেহাল অবস্থার বিষয়ে একাধিকবার বিভিন্ন মাধ্যমে তুলে ধরা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এ অবস্থায় স্থানীয় বিএনপি নেতা হাসানুজ্জামান আর্মি খোকন নিজ উদ্যোগে সেতুটি সংস্কারের সিদ্ধান্ত নেন। গত বৃহস্পতিবার তিনি নিজস্ব অর্থায়নে খোয়া, বালু ও সিমেন্ট ব্যবহার করে সেতুর ভাঙা অংশে ঢালাইয়ের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করেন। এতে দীর্ঘদিনের দুর্ভোগ ও ঝুঁকি থেকে মুক্তি পেয়েছেন কয়েক হাজার মানুষ।
সংস্কার কাজে কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মুন্না, সজল, লিমন, সাগর, স্বাধীন ও অপুসহ স্থানীয় যুবসমাজের আজিজুল আকন, কাইয়ুম ব্যাপারী, হানিফ আকন এবং আরও অনেকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অংশ নেন।
এলাকাবাসী জানান, সেতুটি সংস্কার হওয়ায় এখন নিরাপদে চলাচল করা সম্ভব হচ্ছে। তারা এ মানবিক উদ্যোগের জন্য হাসানুজ্জামান খোকনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
হাসানুজ্জামান আর্মি খোকন বলেন, “মানুষের সেবা করতে জনপ্রতিনিধি হওয়া জরুরি নয়। আন্তরিকতা ও মানবিকতা থাকলে যে কেউ মানুষের পাশে দাঁড়াতে পারে। এলাকার উন্নয়ন ও জনস্বার্থে ভবিষ্যতেও আমার সহযোগিতা অব্যাহত থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, সাময়িক সংস্কারের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেতুটির স্থায়ী ও টেকসই পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেবে, যাতে ভবিষ্যতে এ অঞ্চলের মানুষের যাতায়াতে আর কোনো ঝুঁকি না থাকে।

