গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে আয়োজিত রামযাত্রা পালা দেখতে হাজারো দর্শকের সমাগম ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাতভর চলা এ আয়োজনে অংশ নেন খুলনা ও রংপুর থেকে আগত ৪০ জন শিল্পী।
পৌরাণিক গ্রন্থ রামায়ণ-এর কাহিনির ওপর ভিত্তি করে পরিবেশিত রামযাত্রা পালায় মুগ্ধ হন বিভিন্ন জেলা থেকে আসা দর্শকরা। অনুষ্ঠানে ধর্মীয় আবহের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর আলোকসজ্জা, যা দর্শনার্থীদের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।
আয়োজক সূত্রে জানা যায়, একতা লোকনাথ সংঘের উদ্যোগে প্রায় আড়াই যুগ ধরে প্রতিবছর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে পাঁচদিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। আধুনিক বিনোদনের যুগে হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ।
অনুষ্ঠান উপলক্ষে বরিশাল, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর ও পটুয়াখালীসহ বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভিড় জমান। আগত ভক্ত ও দর্শকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থাও করে আয়োজক কমিটি।
পটুয়াখালীর বাজার রোড এলাকার দর্শক মনিমোহন সাহা বলেন, “পরিবার নিয়ে উপভোগ করার মতো চমৎকার একটি অনুষ্ঠান। এমন আয়োজন এখন খুব কমই দেখা যায়।”
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আসা সাগর মজুমদার বলেন, “অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর হয়েছে। বিশেষ করে আলোকসজ্জা ছিল অসাধারণ।”
মাদারীপুরের ডাসার উপজেলার বিশ্বজিৎ দাস জানান, প্রতিবছর পরিবার নিয়ে তিনি এই উৎসবে অংশ নেন। তাঁর ভাষায়, “এ ধরনের বড় ধর্মীয় আয়োজন আশপাশে খুব একটা দেখা যায় না।”
একতা লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক রণজিৎ কর্মকার বলেন, “মানুষকে আনন্দ দেওয়া এবং এলাকার সুনাম ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, “পাঁচদিনব্যাপী অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।”
উল্লেখ্য, বুধবার শুরু হওয়া পাঁচদিনব্যাপী এ ধর্মীয় উৎসব আগামী রোববার মহোৎসব ও শ্রীমদ্ভগবদ পাঠের মধ্য দিয়ে শেষ হবে।

