মো. শাফায়েত হোসেন, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকার বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার জামছড়ি সীমান্তবর্তী পোয়াবন এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ লাখ ৮শ ৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টহলদল মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে জামছড়ি সীমান্তের পোয়াবন এলাকার পাহাড়ি জঙ্গলের মধ্যে সন্দেহজনকভাবে ফেলে রাখা দুটি ব্যাগ দেখতে পায় টহলদল। পরে ব্যাগ দুটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় খয়েরি রঙের ৯৯ হাজার ৭৮০ পিস এবং সবুজ রঙের ১ হাজার ৬১ পিসসহ মোট ১ লাখ ৮শ ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় ইয়াবার মালিক বা চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে মাদক চোরাকারবারিরা ইয়াবা পাচারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ১১ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছে। স্থানীয়দের মতে, এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি হয়েছে।

