কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় মৌখিক ইজারা নেওয়া একটি পুকুর দখল, মাছ লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সোহেল রানা নামের এক মৎস্যচাষী।
রোববার (৭ জুন) দুপুরে কাউনিয়া উপজেলা স্কাউট ভবনের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল রানা জানান, উপজেলা ভূমি অফিসের অধীনে নিজপাড়া মৌজার একটি পুকুর তিনি প্রায় আড়াই বছর ধরে মৌখিক ইজারার ভিত্তিতে ভোগদখল ও মাছ চাষ করে আসছেন। বর্তমানে ওই পুকুরে প্রায় ৮ লাখ টাকার মাছ রয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ৬ জুন স্থানীয় মদন সিংহ, হাবিবুর রহমান ও মিজানুর রহমান রানাসহ কয়েকজন ব্যক্তি পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরতে শুরু করেন। এতে বাধা দিলে অভিযুক্তরা তাকে ও তার স্ত্রীকে গালিগালাজ করেন। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে তার বাড়িতে প্রবেশ করে মারধর, ভাঙচুর এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন সোহেল রানা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ ঘটনায় সোহেল রানার স্ত্রী বাদী হয়ে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

