Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালতলীতে বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে অলিউল্লাহ ফরাজী (২১) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা লোকমান ফরাজী (৫০) আহত হয়েছেন।

রোববার (৭ জুন) সকাল ১০টার দিকে উপজেলার আইশোটেক তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা লোকমান ফরাজী ও তার ছেলে অলিউল্লাহ ফরাজী বরশি দিয়ে মাছ ধরার জন্য ট্রলার নিয়ে পায়রা নদীতে যান। আইশোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে তারা মাছ ধরার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত তাদের ট্রলারের পাশের নদীতে আঘাত হানে। এতে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন।

আহত অবস্থায় লোকমান ফরাজী নিজেই ট্রলার চালিয়ে ছেলেকে নিয়ে বাড়িতে ফেরেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. পপি হালদার অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা বেল্লাল ফরাজী জানান, মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক অলিউল্লাহকে মৃত ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি হালদার বলেন, “অলিউল্লাহকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। আহত লোকমান ফরাজীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।”

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি জানা গেছে। হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যাবেন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের জন্য সরকারি সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।