গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিশ্ব শান্তি ও সকল জীবের কল্যাণ কামনায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই গ্রামের সাহাপাড়ায় শ্রী শ্রী লোকনাথ মন্দিরে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
একতা লোকনাথ সংঘ ও স্থানীয় লোকনাথ ভক্তদের আয়োজনে শুক্রবার রাত থেকে শুরু হওয়া এ ধর্মীয় অনুষ্ঠান আগামী সোমবার প্রভাতে দধি মঙ্গল ও কুঞ্জভঙ্গের মধ্য দিয়ে শেষ হবে।
লোকনাথ মন্দির কমিটির সভাপতি বিল্টু রঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সুজন ঘোষ চৌধুরী জানান, পাঁচ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার লোকনাথ ব্রহ্মচারীর পূজার্চনা, ভোগরাগ, পুষ্পাঞ্জলি এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, যজ্ঞানুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন করছে প্রভু মন্দির সম্প্রদায়, রাই ঠাকুর সম্প্রদায়, নবদীপশ্রী সম্প্রদায়, প্রভু নিরঞ্জন সম্প্রদায়, শ্যামা দেবী সম্প্রদায় ও অষ্টগুপি সম্প্রদায়। এছাড়া অনুষ্ঠান চলাকালে দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য সার্বক্ষণিক প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় ও বিভিন্ন এলাকার অসংখ্য ভক্ত-অনুরাগী অংশগ্রহণ করছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিমূলক পরিবেশে মহানাম যজ্ঞানুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবমুখর আবহ বিরাজ করছে।

