কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মামুন মিয়া (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ধর্মেশ্বর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মামুন মিয়া ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মামুন মিয়া প্রতিবেশী দুই শিশু মিলন মিয়া (১০) ও সিফাত মিয়া (৭)-কে সঙ্গে নিয়ে জনৈক আব্দুর রউফের বাড়ির সামনের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তিনি পানিতে ডুব দেওয়ার পর আর ভেসে ওঠেননি।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুকুরে মাছ ধরার জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর পুকুরের গভীর অংশ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বাড়ির উঠানে নিয়ে গেলে স্বজনরা তাকে মৃত বলে নিশ্চিত হন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, পুকুরে গোসল করতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় নিহতের মায়ের লিখিত আবেদনের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এদিকে স্থানীয়ভাবে জানা গেছে, নিহত মামুন মিয়া একটি আলোচিত শিশু হত্যা মামলার আসামি ছিলেন। তবে তার মৃত্যুর সঙ্গে ওই মামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে বিষয়টি নিয়ে এলাকায় নানা আলোচনা-গুঞ্জন চলছে।

