নোয়াখালী প্রতিনিধি
জাতীয় পর্যায়ের গণিত অলিম্পিয়াড-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে নোয়াখালী জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির শিক্ষার্থী সাফওয়ানা হোসেন। ‘অ্যাবাকাস ব্রেইন জিম–গ্রেড ২’ বিভাগে অংশ নিয়ে সে দেশের মধ্যে তৃতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
সম্প্রতি অনুষ্ঠিত ন্যাশনাল লেভেল ম্যাথ অলিম্পিয়াড-২০২৬-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই কৃতিত্ব অর্জন করে সাফওয়ানা।
সাফওয়ানার এ সাফল্যে বিদ্যালয় পরিবারে আনন্দের বন্যা বইছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান রহিমা বলেন, “সাফওয়ানার এই অর্জন দেশের অন্যান্য শিশু-কিশোরদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। পাশাপাশি গণিত শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধিতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সাফওয়ানার পিতা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন বলেন, “সাফওয়ানার এই অর্জনের পেছনে তার একাগ্রতা, কঠোর পরিশ্রম ও মেধার প্রতিফলন রয়েছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক সাফল্যের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”
জাতীয় পর্যায়ে নোয়াখালীর এই ক্ষুদে শিক্ষার্থীর সাফল্য জেলার জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। তার এ কৃতিত্বে শিক্ষক, সহপাঠী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

