নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় জনতার ধাওয়ায় একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি ফেলে পালিয়ে গেছে এক অস্ত্রধারী যুবক। এ ঘটনায় অস্ত্রের উৎস এবং অভিযুক্তকে গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেতুয়াবাগ বাজারে বাবুলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুরে বেতুয়াবাগ বাজারে স্থানীয় লোকজন তুহিন নামে এক যুবককে একটি বিদেশি পিস্তলসহ আটক করার চেষ্টা করে। এ সময় জনতার সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবক তার কাছে থাকা অস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের দাবি, পালিয়ে যাওয়া যুবকের নাম তুহিন। পূর্ব বিরোধের জেরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনি বিদেশি পিস্তল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও হান্নান নামে দুই ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন এবং আঘাতের চেষ্টা করেন।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) টি. এম. মোশাররফ হোসেন বলেন, “পালিয়ে যাওয়া অস্ত্রধারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, সে বিষয়েও বিস্তারিত তদন্ত করা হচ্ছে।”

