গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বরিশালের গৌরনদীতে আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে গৌরনদী বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি বরিশাল-ঢাকা মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ফুয়াদ হোসেন এ্যনি এবং যুবদল নেতা অ্যাডভোকেট জসিম শরীফ সঞ্চালনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েদুল আলম সেন্টু খান, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. মনির আকন, পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব গোলাম মাহাতাব সরদারসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং তাদের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

