বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের গজালিয়া-পাংশা গ্রামে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, উন্নয়নমূলক এ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
জানা গেছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ শুরুর আগে সড়কসংলগ্ন একটি রেইনট্রি গাছ ও কয়েকটি খেজুর গাছ অপসারণ করা হয়। সংশ্লিষ্টদের মতে, নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থেই গাছগুলো কাটা হয়েছে।
তবে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ বন বিভাগের সামাজিক বনায়নের গাছ কাটা হয়েছে বলে অভিযোগ তুলে বিভিন্ন মাধ্যমে প্রচার চালায়। প্রকল্প সংশ্লিষ্টরা এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মাইনুল ইসলাম বলেন, “যে রেইনট্রি গাছটি কাটা হয়েছে সেটি বন বিভাগের নয়, এটি স্থানীয় সাবু কাজীর ব্যক্তিমালিকানাধীন গাছ। একটি মহল এটিকে সামাজিক বনায়নের গাছ হিসেবে প্রচার করে প্রকল্পকে বিতর্কিত করার চেষ্টা করছে।”
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মাসুম মোস্তফা বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে বন বিভাগের কোনো গাছ কাটার প্রমাণ পাওয়া যায়নি।”
স্থানীয় সচেতন মহল মনে করছেন, কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ পাবে। তাই এ ধরনের উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের বাধা সৃষ্টি না করে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পটি সম্পন্ন হলে বাবুগঞ্জসহ আশপাশের এলাকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

