Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে এগোচ্ছে ৫০ টন কোল্ড স্টোরেজ প্রকল্প

Link Copied!

মো. শাফায়েত হোসেন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলায় কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণে নতুন সম্ভাবনার দ্বার খুলতে নির্মাণাধীন ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার কোল্ড স্টোরেজ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রকল্পটির বাস্তব অগ্রগতি ইতোমধ্যে ৮০ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা—বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে উৎপাদিত বিপুল পরিমাণ ফলমূল ও কৃষিপণ্য দীর্ঘদিন ধরে আধুনিক সংরক্ষণ সুবিধার অভাবে নষ্ট হয়ে আসছিল। এ সমস্যা সমাধানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে তিন জেলাতেই কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, ফলমূল ও শাকসবজিতে ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত পানি থাকায় এগুলো দ্রুত পচনশীল। ফলে যথাযথ সংরক্ষণের অভাবে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েন এবং পুষ্টিকর খাদ্যের অপচয় ঘটে। আধুনিক কোল্ড স্টোরেজ ব্যবস্থার মাধ্যমে এসব কৃষিপণ্যের গুণগত মান ও পুষ্টিগুণ দীর্ঘ সময় ধরে সংরক্ষণ করা সম্ভব হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৪ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভায় তিন পার্বত্য জেলায় ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার তিনটি কোল্ড স্টোরেজ নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ১৫ নভেম্বর ২০২৩ তারিখে প্রকল্পটির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়।

২১৫ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে আগস্ট ২০২৩ থেকে জুন ২০২৬ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে কোল্ড স্টোরেজ নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে ১৮৫ কোটি ৫৬ লাখ টাকা।

বান্দরবান জেলা বাস টার্মিনাল এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব ভবনে দুই চেম্বারবিশিষ্ট ৫০ মেট্রিক টন ধারণক্ষমতার কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন অবৈধ দখলে থাকা ভবনটি উদ্ধার করে সেখানে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে ভবনের কার্যকর ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি উন্নয়ন বোর্ডের রাজস্ব আয়ের সুযোগও সৃষ্টি হবে।

বর্তমানে জেনারেটর রুম, মেশিন রুম ও সিঁড়ির সিভিল নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ভবনের টাইলস ও রংয়ের কাজ চলমান রয়েছে। এছাড়া প্রি-কুলিং ও কুলিং চেম্বারে স্যান্ডউইচ প্যানেল স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন জেনারেটর ও কুলিং মেশিন স্থাপনের কাজ চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি ই-জিপি পদ্ধতিতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে স্বচ্ছতার সঙ্গে প্রকল্পের কাজ পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত বলেন, “জুন ২০২৬-এর মধ্যেই কোল্ড স্টোরেজের নির্মাণকাজ সম্পন্ন হবে। এটি চালু হলে বান্দরবানসহ পার্বত্য অঞ্চলের কৃষকরা উৎপাদিত ফলমূল ও কৃষিপণ্য দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন। এতে কৃষিপণ্যের অপচয় কমবে, কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং পার্বত্য অঞ্চলের কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।