বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে বাবুগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) ও সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর উদ্যোগে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এএফএম নাজমুস সালেহীন, আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আরাফাত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
“মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসমা উল হুসনা বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণে তরুণদের উৎসাহিত করবে।”
প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ প্রথম, রাশেদ খান মেনন মডেল উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
পরে বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

