কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিদ্যালয়ের দেয়াল ভেঙে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিক্ষার্থীর পরিবারকে শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলনের পক্ষ থেকে অনুদানের চেক তুলে দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল। নিহত শিক্ষার্থী ইয়াসিন হোসেন তামিমের বাবা সোলাইমান হোসেনের হাতে এ অনুদান হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছির উদ্দিন, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন আক্তার প্রমুখ।
জানা গেছে, নিহত ইয়াসিন হোসেন তামিম কচুয়া উপজেলার বদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিরতির সময় বিদ্যালয়ের দ্বিতীয় তলায় সহপাঠীদের সঙ্গে লুকোচুরি খেলতে গিয়ে সম্প্রতি নির্মিত একটি দেয়াল তার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। পাশাপাশি বিদ্যালয়ের ভবন নির্মাণের মান ও শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

