ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের তালিকাভুক্ত নকল নবীশ মো. মামুন হোসেনের ওপর চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মামুন হোসেন অভিযোগ করে বলেন, গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৭টার দিকে অফিস সহকারী জামাল তাকে দেখা করার জন্য খবর দেন। পরে তিনি ভবনের তৃতীয় তলা থেকে নিচে এসে জামালের সঙ্গে কথা বলার সময় হঠাৎ করে অফিসের অস্থায়ী কর্মচারী বিপুল, ইসরাফিল ও রাশেদসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়।
তার দাবি, হামলাকারীরা সন্ত্রাসী কায়দায় এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে। একপর্যায়ে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
মামুন হোসেন আরও বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে তাকে অফিসে কাজ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

