কালিয়া (নড়াইল) প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
রোববার (১১ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের অবস্থাই নাজুক। প্রয়োজনীয় আসবাবপত্র ও ফ্যানের সংকটও রয়েছে। ঝুঁকিপূর্ণ কক্ষেই চলছে শিক্ষার্থীদের পাঠদান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলা রানী সরকার বলেন, “জরাজীর্ণ ভবনে পাঠদান ঝুঁকিপূর্ণ। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাহিদা আক্তার, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস মুসল্লী ও অভিভাবক শহীদ মৃধা দ্রুত ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
খাশিয়াল ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) মো. ওহিদুজ্জামান বলেন, “জরাজীর্ণ ভবনের তালিকায় বিদ্যালয়টির নাম রয়েছে। অস্থায়ী ঘর নির্মাণের প্রস্তাবসহ দুটি ডিও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।”
বিদ্যালয়টির ভবন সংস্কার বা নতুন ভবন নির্মাণে এখনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকেরা।

