কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় উপজেলা বিএনপির উদ্যোগে কচুয়া উপজেলা পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে সরদার জাহিদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি এই উদ্যোগ নিয়েছে। পাঁচ বছরে ২৫ কোটি চারা রোপণের লক্ষ্যমাত্রা সফল করতে কচুয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে কাজ করা হবে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসিফ হায়দার বলেন, পরিবেশবান্ধব এ উদ্যোগকে তিনি স্বাগত জানান এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা উপস্থিত জনতার মাঝে গাছের চারা বিতরণ করেন এবং বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

