জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নজরুল ইসলাম নজু মন্ডল (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় বালিজুড়ী–তেঘরিয়া সড়কে ফাজিলপুর বালিকা মাদরাসার অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম নজু মন্ডল উপজেলার ফাজিলপুর গ্রামের হাজীবাড়ীর মৃত আব্দুল আলীমের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক নজু মিয়া সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

