আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
বাল্যবিবাহ, শারীরিক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণ বিষয়ে সাতক্ষীরার দেবহাটায় দুই দিনব্যাপী ধর্মীয় নেতাদের ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন ও কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা এবং দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।
কর্মশালার প্রথম দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা এপিসিও-এর সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের উপজেলা ম্যানেজার মামুন হোসেন।
২৩ ও ২৪ জুন অনুষ্ঠিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মুফতী মাওলানা শায়খ মুহাম্মদ উছমান গনী। কর্মশালায় সুশীলনের সিডিও মিজানুর রহমান, জোসনা বালা সহ উপজেলার প্রায় ১২০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।
কর্মশালায় ইসলামে বিয়ে ও পরিবার গঠনের উদ্দেশ্য, বাল্যবিবাহের ধর্মীয় দৃষ্টিভঙ্গি, সন্তান প্রতিপালনে পিতামাতার দায়িত্ব, শারীরিক শাস্তির ক্ষতিকর দিক, শিশুদের ঝুঁকি (শোষণ, নির্যাতন, সহিংসতা ও অবহেলা) এবং শিশু শ্রম প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তি, উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ধর্মীয় নেতাদের করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মপরিকল্পনা অনুযায়ী সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

