সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে ১০০ জন রোগীকে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) রামপালের ঝনঝনিয়ায় অবস্থিত ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স রুমে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক ডা. সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন ও পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. আ স মো. মাহবুবুল আলম, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্যান্সার দ্রুত শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই তৃণমূল পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণ, নিয়মিত স্ক্রিনিং এবং মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া জরুরি।
তাঁরা রামপালে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান। এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় পর্যায়ে ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা পাওয়া সহজ হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

