গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি করেছেন দৈনিক কালবেলা পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. রাকিবুজ্জামান রাকিব এবং দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা মোজাম্মেল হক লাল্টু।
জিডি সূত্রে জানা যায়, গত ২২ জুন বিকেল আনুমানিক ৪টার দিকে ফেসবুক ব্যবহারকালে তারা দেখতে পান, “ভালোবাসার গোয়ালন্দ” নামের একটি ফেইক আইডি থেকে তাদের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে। ওই পোস্টে তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ আনা হয়।
পোস্টে দাবি করা হয়, দৌলতদিয়া যৌনপল্লী ও পুড়াভিটা এলাকার কথিত মাদকসম্রাজ্ঞী লাইলীকে রক্ষার জন্য দুই সাংবাদিক ও এক রাজনৈতিক নেতার মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে।
তবে সাংবাদিকরা দাবি করেছেন, উল্লিখিত ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা এ ধরনের অপপ্রচার চালিয়েছে।
জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, ফেইক আইডিটির প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের স্বার্থে বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক মোজাম্মেল হক লাল্টু ও রাকিবুজ্জামান রাকিব বলেন, “আমাদের নামে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। আমরা প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, “জিডির কপিসহ বিষয়টি ঢাকা সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

