স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নড়াইল জেলা আমির মো. আতাউর রহমান বাচ্চুর ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুরে জাতীয় সংসদের অফিসিয়াল প্যাডে সংসদ সদস্য আতাউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনে চরম অবহেলার কারণে আবু সালেহ মোহাম্মদ গোফরানকে ব্যক্তিগত সহকারীর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ ২৮ জুন ২০২৬ থেকে কার্যকর হবে।
সম্প্রতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দের তালিকা নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। ওই তালিকায় নড়াইল সদর উপজেলার ১০ জনের নামে ৮০ হাজার টাকা এবং লোহাগড়া উপজেলার ১১ জনের নামে ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেখানো হয়। তালিকায় সংসদ সদস্যের মেয়ের নাম দুটি স্থানে অন্তর্ভুক্ত থাকার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা হয়।
তবে বরখাস্তের বিজ্ঞপ্তিতে ঐচ্ছিক তহবিলের বরাদ্দ-সংক্রান্ত বিতর্কের কোনো উল্লেখ নেই। সেখানে শুধুমাত্র ‘দায়িত্ব পালনে চরম অবহেলা’র কারণ দেখিয়ে পিএসকে অব্যাহতির কথা বলা হয়েছে।

