কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কাউনিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন বামনের হাট কালীমন্দিরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের কাউনিয়া উপজেলা শাখা এ সভার আয়োজন করে।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ক্ষুদিরাম চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায় পূজামণ্ডপগুলোর মধ্যে সমন্বয়, নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গোৎসবের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক বিজয় গোস্বামী বকুল।
সভায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংবাদকর্মীদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কাউনিয়া প্রেসক্লাবের সহসভাপতি জাহিদুল ইসলাম জসিম, সাংবাদিক ও দৈনিক ঢাকা পত্রিকার সহবার্তা সম্পাদক মোহন রায় ফুলবাবুসহ স্থানীয় সাংবাদিক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের নবগঠিত কমিটির নেতারা।

