Nabadhara
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে যুবককে কুপিয়ে জখম, মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে পূর্বশত্রুতার জেরে মো. ইয়াসিন আরাফাত (২২) নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর স্মার্টফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। এ ঘটনায় শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাঁর মা মোছা. ফাতেমা বেগম পলাশ থানায় নয়জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পলাশ বাজার থেকে বাড়ি ফেরার পথে শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কে ইয়াসিনের গতিরোধ করেন অভিযুক্তরা। অভিযোগে বলা হয়, তাঁদের সঙ্গে ইয়াসিনের আগে থেকেই বিরোধ ছিল।

অভিযোগপত্রে অভিযুক্ত হিসেবে আরিফুল ইসলাম (৩০), শাকিল (২৭), ইয়াসিন ওরফে বল্লা (২৩), ফায়সাল (২৩), শাহেদ (২২), সিয়াম (২২), সায়েম (২৫), হাসিব (২৪) ও মহিনের (২২) নাম উল্লেখ করা হয়েছে।

ফাতেমা বেগমের অভিযোগ, হামলাকারীরা রামদা, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে ইয়াসিনের ওপর হামলা চালান। এ সময় আরিফুল ইসলাম চাপাতি দিয়ে তাঁর কানের নিচে এবং শাকিল রামদা দিয়ে ডান কাঁধে কোপ দেন। পরে অন্যরা লোহার রড ও লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। একপর্যায়ে ইয়াসিন ওরফে বল্লা তাঁর পকেট থেকে প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ইয়াসিনের চিৎকার শুনে স্থানীয় পথচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর মা ফাতেমা বেগম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পলাশ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।