স্টাফ রিপোর্টার
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর চাচাতো ভাই ও টুঙ্গিপাড়া উপজেলা কৃষক দলের সভাপতি এস এম শাহিদ শেখ (৬০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে টুঙ্গিপাড়ায় হাঁটতে বের হয়ে তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়।
মরহুম শাহিদ শেখ টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
তাঁর ছেলে জুলকার শেখ জানান, শুক্রবার সকালে সংসদ সদস্য এস এম জিলানী, তাঁর বাবা ও পরিবারের কয়েকজন সদস্য টুঙ্গিপাড়া-বাশবাড়িয়া সড়কে হাঁটছিলেন। এ সময় হঠাৎ তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার আসরের নামাজের পর পাটগাতি গ্রামের একটি বালুর মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য এস এম জিলানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

