জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে দুই দফা দাবিতে ধর্মঘট, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শাখা ডাকঘরের কর্মচারীরা। বেতন বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৮ জুলাই) দুপুরে জয়পুরহাট প্রধান ডাকঘরের সামনে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ, জয়পুরহাট জেলা শাখার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ধর্মঘট চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি বাদল হোসেন, জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং সদস্য আনসার আলীসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারের নির্দেশনা অনুযায়ী তারা ডাক বিভাগের বিভিন্ন সেবা দিয়ে আসছেন। কিন্তু বর্তমানে মাত্র ৪ হাজার ৪০০ টাকা মাসিক বেতনে চাকরি করতে হচ্ছে, যা অত্যন্ত অমানবিক। তারা অবিলম্বে বেতন বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তির দাবি জানান।
তারা আরও বলেন, দ্রুত তাদের দুই দফা দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
সমাবেশ শেষে কর্মচারীরা শহরের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

