Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে আগুনে নিঃস্ব দিনমজুর ফেরদৌস, সহায়তা দিল উপজেলা প্রশাসন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

এক মুহূর্তের আগুনে নওগাঁর আত্রাইয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দিনমজুর ফেরদৌস দপ্তরী। বসতঘরসহ ঘরের সব আসবাব, ধান-চাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ঢেউটিন, নগদ টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল দুর্গাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত ফেরদৌস ওই গ্রামের আব্দুর রশিদ দপ্তরীর ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঘরে তালা দিয়ে মাঠে কাজ করতে যান ফেরদৌস। কাজ শেষে বাড়ি ফিরে দেখেন, তার ঘরে আগুন জ্বলছে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের টিনের চালা, টেলিভিশন, হাঁড়ি-পাতিল, জমানো ধান-চাল, নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য আসবাব পুড়ে যায়।

ফেরদৌস বলেন, “পরনে যে কাপড়টা আছে, এটা ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি। আজ রাতে রান্না করে খাওয়ার মতো একমুঠো চালও নেই।” অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে তিনি জানান, নিজস্ব জমিজমা না থাকায় দিনমজুরি করে সংসার চালাতেন। এখন মাথা গোঁজার ঠাঁই পেতে সরকারি সহায়তা প্রয়োজন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।