Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে আগুনে নিঃস্ব দিনমজুর, পরনের কাপড় ছাড়া বাঁচেনি কিছুই

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ৮, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুর ফেরদৌস দপ্তরীর বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘরের টিনের চালা, টেলিভিশন, হাঁড়ি-পাতিল, জমানো ধান-চাল ও নগদ ২০ হাজার টাকাসহ সবকিছু পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া পরিবারের আর কিছুই অবশিষ্ট নেই বলে জানিয়েছেন ফেরদৌস।

বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়নের উত্তর বিল দুর্গাপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ফেরদৌস ওই গ্রামের আব্দুর রশিদ দপ্তরীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ঘরে তালা দিয়ে মাঠে কাজ করতে যান ফেরদৌস। কাজ শেষে বাড়ি ফিরে দেখেন তার ঘর লেলিহান শিখায় জ্বলছে। এ সময় প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তেই ঘরের সবকিছু পুড়ে যায়।

ফেরদৌস বলেন, ‘পরনে যে কাপড়টা আছে, এটা ছাড়া আর কিছুই বাঁচাতে পারিনি। আজ রাতে রান্না করে খাওয়ার মতো একমুঠো চালও নেই।’ অগ্নিকাণ্ডে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানাতে পারেননি ফেরদৌস।

তিনি আরও বলেন, নিজস্ব কোনো জমিজমা নেই। দিনমজুরি করে অনেক কষ্টে সংসার চালিয়ে আসছিলেন। আগুনে সব হারিয়ে এখন মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। এ অবস্থায় সরকারি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুই বান্ডিল ঢেউটিন, নগদ ছয় হাজার টাকা ও কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।