বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চেম্বার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সভাপতি শেখ শাহেদ আলী রবি। সঞ্চালনা করেন প্রভাষক হাদীউজ্জামান হিরো। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বিশিষ্ট শিল্পপতি হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও ব্যবসায়ী এম এ সালাম এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু।
এ ছাড়া চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা সভায় অংশ নেন।
সাধারণ সভায় জেলার ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাগেরহাটের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ী সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তারা আরও বলেন, ব্যবসায়ী, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো গেলে জেলার সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
সমাপনী বক্তব্যে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ শাহেদ আলী রবি ব্যবসায়ীদের স্বার্থে ভবিষ্যতে আরও বিভিন্ন কার্যক্রম গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

