দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা স্বীকার করে জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেছেন, ‘নাসিরুদ্দীন পাটওয়ারীকে আমারই এক ছোট ভাই মেরেছে।’
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা সরকারি কলেজে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, ‘আপনারা কিছুদিন আগে দেখেছেন, নাসিরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ায় এসে উত্তম-মাধ্যম খেয়ে চলে গেছে। আমি জোর গলায় বলতে পারি, উত্তম-মাধ্যম যে দিয়েছে, সে আমারই এক ছোট ভাই ছিল। সে বেয়াদব, তাকে (নাসিরুদ্দীন) মারার প্রয়োজন ছিল, তাই মেরেছে।’
তিনি আরও বলেন, ‘তাকে জনসাধারণও মারছে, সেখানকার দোকানদারও মারছে, তার মুখের ভাষার কারণে।’
এনসিপির নেতাদের সমালোচনা করে ছাত্রদলের এই নেতা বলেন, ‘এরা জীবনে কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র হতেও পারবে না। এরা বাংলাদেশের রাজনীতির একটি কীট-পতঙ্গ হিসেবে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে আমি মনে করি।’
অনুষ্ঠানে তার বক্তব্যের সময় স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

