যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে তিন কর্মচারী নিয়োগ দিয়ে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) জালালপুর গ্রামের বাসিন্দা ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুনছুরুর রহমান যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক মাহবুবা শারমিন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন—জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশচন্দ্র সরকার এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পবিত্র কুমার দত্ত।
মামলার অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের পরিচালনা কমিটির মেয়াদ ২০২১ সালে শেষ হওয়ার পর আসামিরা পরস্পরের যোগসাজশে একটি ভুয়া কমিটি গঠন করেন। এরপর প্রতিষ্ঠাতা সদস্যসহ অন্যান্য সদস্যদের স্বাক্ষর জাল করে অফিস সহায়ক, আয়া ও নিরাপত্তাকর্মী পদে তিনজনকে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগের বিপরীতে ৪২ লাখ টাকা গ্রহণ করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বাদীর দাবি, নিয়োগপ্রাপ্ত তিন ব্যক্তি এখন পর্যন্ত বিদ্যালয়ে যোগদান করেননি এবং কোনো ধরনের বেতন-ভাতাও উত্তোলন করেননি। চলতি বছরের ৮ জুন বিষয়টি জানার পর তিনি ও অন্যান্য সদস্যরা আপস-মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্তরা তাতে সাড়া দেননি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন।

