Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নেওয়ার অভিযোগ, নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভার মাইকিং

Link Copied!

মো. শফিউল ইসলাম রনি, ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পৌরসভার কর্মচারীর সঙ্গে আর্থিক লেনদেন না করতে সাধারণ মানুষকে সতর্ক করে শহরজুড়ে মাইকিং করেছে খোদ ভাণ্ডারিয়া পৌরসভা। হোল্ডিং নম্বর দেওয়ার নামে পৌরসভার নির্ধারিত রসিদ ছাড়াই টাকা নেওয়ার অভিযোগ ওঠার পর সহকারী কর নির্ধারক মো. তাইয়্যেবুর রহমান রনির বিষয়ে এ সতর্কবার্তা দেওয়া হয়।

পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাসিবুল হাসানের নির্দেশনা ও অনুরোধে বুধবার (৭ অক্টোবর) দিনভর এ মাইকিং করা হয়। এতে পৌরসভার যেকোনো সেবা নিতে নির্ধারিত রসিদ ছাড়া কাউকে টাকা না দেওয়ার জন্য নাগরিকদের সতর্ক করা হয়।

অভিযোগ রয়েছে, ভাণ্ডারিয়া পৌরসভার সহকারী কর নির্ধারক মো. তাইয়্যেবুর রহমান রনি কয়েকজনের কাছ থেকে হোল্ডিং নম্বর দেওয়ার কথা বলে পৌরসভার নির্ধারিত রসিদ ছাড়াই টাকা নিয়েছেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হলে পৌরসভার পক্ষ থেকে সতর্কতামূলক প্রচার চালানো হয়।

মো. তাইয়্যেবুর রহমান রনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের বাবুল মুহুরির ছেলে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

পৌরসভার মাইকিংয়ে বলা হয়, পৌরসভার যেকোনো সেবা গ্রহণের ক্ষেত্রে নির্ধারিত রসিদ ছাড়া কাউকে কোনো ধরনের টাকা দেওয়া যাবে না। কোনো কর্মচারী বা অন্য কেউ রসিদ ছাড়া অর্থ দাবি করলে বিষয়টি পৌরসভাকে জানানোর আহ্বানও জানানো হয়।

এদিকে, স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, সাধারণত বাইরের প্রতারকদের বিষয়ে সতর্ক করা হলেও এবার পৌরসভার নিজস্ব কর্মচারীর সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও মাইকিং করে সতর্ক হতে বলা হচ্ছে। তবে হাস্যরসের আড়ালে অভিযোগটি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পৌরসভার আর্থিক লেনদেনে আরও কঠোর নজরদারি নিশ্চিত করা প্রয়োজন।

পৌরসভার নিজস্ব কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর যখন পৌরসভাকেই মাইক হাতে নাগরিকদের সতর্ক করতে হচ্ছে, তখন ভাণ্ডারিয়ার মানুষের প্রশ্ন—হোল্ডিং নম্বর নিতে গিয়ে আগে রসিদ, নাকি আগে সাবধানতা?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।