ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া জামে মসজিদের সামনে একটি বিদ্যুতের খুঁটি বিপজ্জনকভাবে হেলে পড়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।
শুক্রবার (১০ জুলাই) সকালে সরেজমিনে দেখা যায়, পূর্ব কুট্টাপাড়া জামে মসজিদের সামনের সড়কের পাশে স্থাপিত বিদ্যুতের খুঁটিটি একদিকে বিপজ্জনকভাবে হেলে রয়েছে। খুঁটির সঙ্গে সংযুক্ত বিদ্যুতের তারও টানটান অবস্থায় থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।
স্থানীয় বাসিন্দা মিজান মিয়া, আসাদ মিয়া, তুহিন মিয়া ও মামুন মিয়া জানান, প্রায় ১৫ দিন ধরে খুঁটিটি এভাবে হেলে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। এতে আশপাশের অন্তত পাঁচটি পরিবার, মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লি, পথচারী এবং যানবাহন চলাচলকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে ঝড়-বৃষ্টি বা দমকা হাওয়ার সময় খুঁটিটি ভেঙে পড়ার আশঙ্কা আরও বেড়ে যায়।
এলাকাবাসীর দাবি, দ্রুত খুঁটিটি মেরামত বা প্রতিস্থাপন করা না হলে প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের সাইট ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম বলেন, “আপনারা একটি আবেদন দিন। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাচ্ছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।”
পিডিবির সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, “বৃষ্টি থামলে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

