কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
দীর্ঘ ৩০ বছর পর বন্ধুত্বের টানে একত্রিত হলেন চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন জেলা ও বিদেশে অবস্থানরত সহপাঠীরা শৈশবের স্মৃতি রোমন্থন করতে ছুটে আসেন প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানে।
শনিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে প্রাক্তন শিক্ষার্থীরা ফটোসেশন, হাসি-আনন্দ, স্মৃতিচারণ ও আড্ডায় মেতে ওঠেন। অনেকেই জানান, দীর্ঘ তিন দশক পর সহপাঠীদের সঙ্গে সরাসরি দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। যেন সবাই ফিরে গিয়েছিলেন স্কুলজীবনের সেই সোনালি দিনগুলোতে।
পরে বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। এ সময় ৯৬ ব্যাচের যেসব বন্ধু পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
আলোচনা শেষে গান, আবৃত্তি, বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, পুরস্কার বিতরণ এবং বারবিকিউ পার্টিতে অংশ নেন সবাই। প্রাণবন্ত আড্ডা ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।
প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এতদিন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ থাকলেও এবারই প্রথম সবাই একসঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলেন। ভবিষ্যতে পরিবার-পরিজনকে নিয়ে আরও বড় পরিসরে পুনর্মিলনী আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।
অংশগ্রহণকারীদের ভাষায়, এটি শুধু একটি পুনর্মিলনী ছিল না; ছিল সময়কে পেছনে ফেলে আবারও স্কুলজীবনের নির্মল বন্ধুত্ব, হাসি আর ভালোবাসাকে নতুন করে ফিরে পাওয়ার এক অনন্য মুহূর্ত। বন্ধুত্ব যে সময়ের ব্যবধানে ম্লান হয় না, বরং আরও গভীর হয়—এই মিলনমেলা যেন তারই উজ্জ্বল প্রমাণ।

