হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ১০ হাজার ২০০ টাকা।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের একটি আমবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অস্ত্র প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া পিস্তল, ম্যাগাজিন ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

