Nabadhara
ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদ্মার বুকে জেলেদের জালে ৪০ কেজির ‘দানব’ কাতলা, বিক্রি ৪৬ হাজার টাকায়

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের (প্রায় এক মণ) বিশাল আকৃতির একটি কাতলা মাছ। বিরল এ মাছটি দেখতে নদীর তীরে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে বেড়জাল দিয়ে মাছ ধরার সময় মাছটি ধরা পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদের নেতৃত্বে কয়েকজন জেলে নদীতে মাছ শিকারে নামেন। একপর্যায়ে জাল টানার সময় তারা বড় কোনো কিছুর উপস্থিতি টের পান। দীর্ঘ চেষ্টার পর জাল ওপরে তুললে তাতে বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়ে।

জেলেরা জানান, এর আগে তাদের জালে এত বড় কাতলা মাছ কখনো ধরা পড়েনি।

মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় করেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। স্থানীয়দের ভাষ্য, পদ্মার এ অংশে এত বড় কাতলা মাছ ধরা পড়ার ঘটনা খুবই বিরল।

পরে ভেড়ামারার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন মিলে মাছটি কিনে নেন। তারা মাছটি নিজেদের মধ্যে ভাগ করে নেন।

ক্রেতা রিপন আলী জানান, মাছটির ওজন প্রায় ৪০ কেজি। প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে মোট ৪৬ হাজার টাকায় মাছটি কেনা হয়েছে।

পদ্মাপাড়ের বাসিন্দা বৃদ্ধ হাসমত মালিথা বলেন, “পদ্মা নদীর গভীরে এখনও বড় বড় মাছ রয়েছে। আগেও বড় মাছ ধরা পড়েছে, তবে অনেক দিন পর এত বড় একটি কাতলা মাছ জেলেদের জালে উঠতে দেখলাম।”

বিশাল আকৃতির এ কাতলা মাছ ঘিরে নদীপাড়ের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।