দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের (এক মণ) একটি বিশাল আকৃতির কাতলা মাছ। বিরল এ মাছটি দেখতে নদীপাড়ে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার রায়টা পাথরঘাট এলাকায় পদ্মা নদীতে বেড়জাল দিয়ে মাছ ধরার সময় স্থানীয় জেলে মুরাদের নেতৃত্বাধীন একটি দলের জালে মাছটি ধরা পড়ে।
স্থানীয়রা জানান, জাল টানার সময় জেলেরা বড় কোনো কিছুর উপস্থিতি টের পান। পরে দীর্ঘ চেষ্টায় জাল ওপরে তুলতেই দেখা যায় বিশাল আকৃতির একটি কাতলা মাছ। জেলেদের ভাষ্য, এর আগে তাদের জালে এত বড় কাতলা কখনও ধরা পড়েনি।
খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে অসংখ্য মানুষ মাছটি দেখতে নদীর পাড়ে ভিড় করেন। স্থানীয়দের অনেকেই জানান, পদ্মা নদীর এ অংশে এত বড় কাতলা মাছ ধরা পড়ার ঘটনা অত্যন্ত বিরল।
পরে ভেড়ামারা উপজেলার বাসিন্দা রিপন আলীসহ কয়েকজন মিলে মাছটি কিনে নেন। তারা মাছটি নিজেদের মধ্যে ভাগ করে নেন।
ক্রেতা রিপন আলী জানান, ৪০ কেজি ওজনের কাতলা মাছটি প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা দরে কেনা হয়েছে। এতে মাছটির মোট মূল্য দাঁড়ায় ৪৬ হাজার টাকা।
পদ্মা নদীতে এত বড় কাতলা ধরা পড়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আনন্দের সৃষ্টি করেছে।

