নোয়াখালী প্রতিনিধি
গবেষণা, উদ্ভাবন ও মেধাস্বত্ব সুরক্ষা জোরদারের লক্ষ্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে ‘পেটেন্টস টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (TISC) সার্ভিসেস’ বিষয়ে একটি প্রশিক্ষণ কর্মশালাও অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) নোবিপ্রবির উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নোবিপ্রবির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং ডিপিডিটির পক্ষে মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও গবেষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এ অংশীদারিত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক বিষয়ে সুস্পষ্ট ধারণা লাভ করবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়ে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট সুরক্ষা সহজ হবে।
তিনি আরও বলেন, শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরেই সীমাবদ্ধ না থেকে এর কার্যকর বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। দ্রুতই নোবিপ্রবিতে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবলসহ ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি)’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই সমঝোতা গবেষণা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে এবং গবেষকদের মেধা ও উদ্ভাবনের আইনগত ও আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করতে সহায়ক হবে।
ডিপিডিটির মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ের গবেষক ও উদ্ভাবকদের পেটেন্ট, শিল্প-নকশা এবং ট্রেডমার্ক নিবন্ধনে সহযোগিতা দিতে ডিপিডিটি কাজ করছে। নোবিপ্রবিতে টিআইএসসি প্রতিষ্ঠিত হলে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ আরও শক্তিশালী হবে এবং গবেষকরা আন্তর্জাতিক পেটেন্ট তথ্য ও প্রযুক্তিগত সম্পদ ব্যবহারের সুযোগ পাবেন।
নোবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও টিআইএসসি ফোকাল পয়েন্ট অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, টিআইএসসি গবেষক ও শিক্ষার্থীদের পেটেন্ট ও ট্রেডমার্ক নিবন্ধনে প্রয়োজনীয় আইনি ও কারিগরি সহায়তা দেবে। এর মাধ্যমে গবেষণার ফলাফলকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর সুযোগও তৈরি হবে।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় ডিপিডিটির উপ-পরিচালক মো. হাবিবুর রহমান এবং বিওএনও লুব্রিক্যান্টস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

