যশোর প্রতিনিধি
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণ এবং শিক্ষামন্ত্রীর কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্যের প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শহরের বিভিন্ন কলেজের বিপুল সংখ্যক পরীক্ষার্থী অংশ নেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
সমাবেশে বক্তারা বলেন, চলমান প্রাকৃতিক দুর্যোগ, জলাবদ্ধতা ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষার্থীরা চরম ভোগান্তি ও দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন। তাদের দাবি, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার বিষয়টি উপেক্ষা করে এমন পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত ছিল দায়িত্বজ্ঞানহীন, অমানবিক এবং শিক্ষাবান্ধব নীতির পরিপন্থি।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, শিক্ষামন্ত্রীর কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্য দেশের শিক্ষার্থীদের অপমান করেছে। তারা এ মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, শিক্ষার্থীদের প্রতি এমন ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়।
সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

