দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব অধ্যাপক রেজাউর রহমান মাসুমের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা যুবদলের উদ্যোগে দৌলতপুর থানা বাজারে এ কর্মসূচি পালিত হয়। অধ্যাপক রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্ম সদস্য সচিব জাফর ইকবাল কর্নেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি থানা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আলাউদ্দিন বাদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুল ইসলাম নান্নু মাস্টার, যুবদলের সদস্য সচিব অধ্যাপক রেজাউর রহমান মাসুম, যুগ্ম সদস্য সচিব জাফর ইকবাল কর্নেল, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান এবং দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজী। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা যুবদল নেতার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হোসেনাবাদ হিসনাপাড়া এলাকায় অবস্থিত অধ্যাপক রেজাউর রহমান মাসুমের দলীয় কার্যালয়ে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে কার্যালয়ে অগ্নিসংযোগ করলে আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদল নেতা শরীফ উদ্দীন জুয়েলের বিভিন্ন কর্মসূচির ছবি ও ব্যানারও আগুনে পুড়ে যায়।
এ ঘটনায় সোমবার (১৩ জুলাই) রাতে অধ্যাপক রেজাউর রহমান মাসুম বাদী হয়ে দৌলতপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

