শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার’ লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় বংশীপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক জি. এম. আব্দুল ওহাবের তত্ত্বাবধানে স্থানীয় প্রায় ৫০০ জন দরিদ্র, অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক জি. এম. আব্দুল ওহাব বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষা ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রত্যেককে নিজ নিজ আঙিনায় অন্তত একটি করে গাছ লাগাতে হবে।”
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

