আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা-আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের প্রতিবন্ধকতা দূর করার দাবিতে মানববন্ধন করেছেন আশাশুনি, চাপড়া ও বুধহাটা এলাকার ইজিবাইক মালিক ও চালকরা।
বুধবার (১৫ জুলাই) বেলা ১১টায় চাপড়া বাস ও ইজিবাইক স্ট্যান্ড সংলগ্ন প্রধান সড়কে আশাশুনি, চাপড়া ও বুধহাটা ইজিবাইক মালিক ও চালক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আশাশুনি ইজিবাইক মালিক ও চালক সমিতির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। এছাড়া বক্তব্য দেন চাপড়া ইজিবাইক মালিক সমিতির সভাপতি ইলিয়াস সরদার, বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম, বুধহাটা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দীনসহ অন্যরা। কর্মসূচিতে দুই শতাধিক ইজিবাইক মালিক ও চালক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাতক্ষীরা পৌর এলাকায় যানজট নিরসনের স্বার্থে পৌরসভার ভেতরে উপজেলা থেকে আসা ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও বর্তমানে পৌরসভার বাইরের সড়কেও তাদের চলাচলে বাধা দেওয়া হচ্ছে। এতে চালকদের জীবিকা হুমকির মুখে পড়েছে।
বুধহাটা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মতিকুল ইসলাম বলেন, পৌরসভার সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন। তবে পৌরসভার বাইরে সড়কে চলাচলে বাধা দেওয়া হলে তারা তা মেনে নেবেন না। প্রয়োজনে বাস চলাচল বন্ধ করে দেওয়ার মতো কর্মসূচিও দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাহিদ সোহাগ বলেন, ইজিবাইক চালকদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে করতে হবে। তিনি দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে জানা গেছে, পৌরসভার বাইরে সব সড়কেই ইজিবাইক চলাচলের সুযোগ রয়েছে। সেই সিদ্ধান্ত কার্যকর করার আহ্বান জানান তিনি।

