যশোর প্রতিনিধি
গত ছয় বছরে যশোর জেলায় আত্মহত্যার চেষ্টা করেছেন ১৪ হাজার ৫১৬ জন। এর মধ্যে ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এ উদ্বেগজনক তথ্য তুলে ধরে মানসিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
বুধবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘সনেট’-এ এডিডি ইন্টারন্যাশনালের কমিউনিটি-ভিত্তিক মানসিক স্বাস্থ্য প্রকল্পের সমাপনী স্টেকহোল্ডার সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
সভায় সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. মৌসুমী বিনতে মানিক জানান, ২০২০ সাল থেকে গত ছয় বছরে জেলায় ১৪ হাজার ৫১৬ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। তাদের মধ্যে ৩৪৪ জনকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি বলেন, আত্মহত্যার প্রবণতা সমাজের জন্য একটি বড় সতর্কবার্তা। এ প্রবণতা রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহায়ক পরিবেশ গড়ে তোলা প্রয়োজন।
অনুষ্ঠানে এডিডি ইন্টারন্যাশনালের প্রকল্প ব্যবস্থাপক আবদুল্লাহ আল হারুন পাঁচ বছরের প্রকল্পের কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরেন।
জানা যায়, যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল ২০২০ সালের জুলাই থেকে যশোরে কমিউনিটি-ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। আগামী ৩০ জুলাই প্রকল্পটির আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
সভায় বক্তারা জানান, প্রকল্পের আওতায় মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, বিনামূল্যে মানসিক স্বাস্থ্য ক্যাম্প, প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে প্রশিক্ষণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল মেন্টাল হেলথ প্রোগ্রাম পরিচালনা করা হয়েছে। এসব উদ্যোগ মানসিক স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

