নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি জিপ গাড়ির গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি জিপও জব্দ করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ (৪২) এবং একই গ্রামের শেখ চাঁন মিয়ার ছেলে মো. বিপ্লব (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন কালো রঙের হার্ডজিপে তল্লাশি করা হয়। এ সময় গাড়িটির পেছনের ডান পাশের দরজার ভেতরে বিশেষ কৌশলে তৈরি করা গোপন কুঠুরিতে সাদা স্কচটেপে মোড়ানো ৪১টি প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে রাখা ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

