ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সাপের কামড়ে সম্রাট হোসেন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই তরুণ নিজের সন্তানের মুখ দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন। তাঁর স্ত্রী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান।
নিহত সম্রাট হোসেন ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের কারিগরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. সামিরুল ইসলাম ও মোছা. তাছলিমা খাতুনের বড় ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সম্রাট রাজমিস্ত্রীর সহকারী হিসেবে নির্মাণকাজ করতেন। বৃহস্পতিবার দুপুর আনুমানিক ৩টার দিকে গোলাপনগর বাঙালপাড়া এলাকায় কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি ও স্বজনরা বুঝতে পারেন, তাঁকে সাপে দংশন করেছে।
তাৎক্ষণিকভাবে তাঁকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা না থাকায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্রাটই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আয়ের ওপর নির্ভরশীল ছিল পুরো পরিবার। তাঁর অকাল মৃত্যুতে অন্তঃসত্ত্বা স্ত্রী, বৃদ্ধ বাবা-মা ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। অনাগত সন্তান জন্মের আগেই হারাল তার বাবাকে।
ভেড়ামারা থানার ওসি মো. জাহেদুর রহমান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

