মনিরামপুর (যশোর) প্রতিনিধি
টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন সড়ক ও সেতু পরিদর্শন করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।
শুক্রবার (১৭ জুলাই) সকালে তিনি উপজেলার মশিমনগর, কাশিমনগর ও খানপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুর বিভিন্ন স্থান সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সংস্কারকাজ শুরু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতুগুলোর সংস্কার দ্রুত সম্পন্ন করা হবে। যাতে সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত দ্রুত পুনরুদ্ধার করা যায়।”
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুলাই রাতের ভারী বৃষ্টিপাতে মশিমনগর ইউনিয়নের পারখাজুরা বাজারসংলগ্ন নলতাঘাট ভাসমান সেতু-সংযুক্ত সড়কের একটি অংশ ভেঙে যায়। এছাড়া কাশিমনগর ইউনিয়নের মথুরাপুর গ্রামের একটি সড়কের একপাশ ধসে পড়ে এবং খানপুর ইউনিয়নের খামারবাড়ি সেতুর একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ফলে এসব এলাকার মানুষের যানবাহন চলাচল ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সংস্কারকাজ দ্রুত সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে স্থানীয় জামায়াত নেতা সেলিম জাহাঙ্গীর, রবিউল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু এবং স্থানীয় বিএনপির নেতারাও ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন।

