দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ১টার দিকে দেবীনগর গ্রামের একটি ইটভাটার (ব্রিক ফিল্ড) এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (৩০)। আহত মুল্লুক মণ্ডল (৩৫) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছালিম হোসেন ও মিন্টু চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষের পর রাতে মিন্টু চৌকিদারের সমর্থকরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছালিম হোসেনের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলার সময় ছালিম হোসেন গ্রুপের সদস্য ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখ মারা যান। পরে গুরুতর আহত মুল্লুক মণ্ডলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, স্থানীয় দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

