Nabadhara
ঢাকাবুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

অবরোধের আগের দিন পায়রা নদীতে জেলে নিখোঁজ

আমতলী (বরগুনা) প্রতিনিধি
অক্টোবর ৭, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

ইলিশ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগের দিন পায়রা নদী থেকে জাল ও মাছ ধরার সরঞ্জাম তুলতে গিয়ে ওমর আলী গাজী (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে আমতলী উপজেলার লোচা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ওমর আলী গাজী আমতলী পৌরসভার লোচা গ্রামের বাসিন্দা। স্থানীয় জেলে জলিলুর রহমানের সঙ্গে পায়রা নদী থেকে ইলিশ ধরার জাল ও জাল ফেলার সরঞ্জাম অপসারণ করছিলেন তিনি। এ সময় হঠাৎ নদীতে পড়ে স্রোতে তলিয়ে যান ওমর আলী। জলিলুর রহমান তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা মৎস্য বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। ভাটার স্রোতে তিনি সাগরের দিকে ভেসে যেতে পারেন বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা মৎস্য অফিসের ফ্যাসিলেটেটর মো. হিমেল মিয়া বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান চলছে। তবে এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ওমর আলীর ছোট ভাই আক্কেল আলী গাজী বলেন, ‘বড় ভাই পায়রা নদীতে জাল ও জালের সরঞ্জাম তুলতে গিয়ে নদীতে পড়ে যায়। এরপর আর উঠতে পারেনি।’

জেলে জলিলুর রহমান বলেন, ‘আমরা দুজন পায়রা নদীতে ইলিশ ধরার জাল ফেলেছিলাম। অবরোধের কারণে বুধবার জাল ও সরঞ্জাম তুলছিলাম। এ সময় ওমর আলী ছিটকে নদীতে পড়ে স্রোতে তলিয়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করেও পারিনি।’

আমতলী ফায়ার স্টেশনের লিডার গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন বলেন, খবর পেয়ে জেলেকে উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।