Nabadhara
ঢাকাশনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে গাকের ফ্রি চক্ষু সেবা ক্যাম্প, দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৮, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গ্রাম উন্নয়ন কর্ম (গাক) চক্ষু হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দুই শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শনিবার (১৮ জুলাই) শহরের নামো শংকরবাটি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানি আক্রান্ত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বাছাই করা হয়।

ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, ভিশন ইনিশিয়েটিভ, অরবিস এবং পিকেএসএফের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা চোখের বিভিন্ন রোগ নির্ণয় করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন। যাদের ছানি অপারেশন প্রয়োজন হয়েছে, তাদের বগুড়ার গাক চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া, ওষুধ ও চশমার ব্যয়ও বহন করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি বলেন, “দৃষ্টিশক্তি মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। অর্থের অভাবে অনেক মানুষ সময়মতো চিকিৎসা নিতে পারেন না। গাক চক্ষু হাসপাতালের এ ধরনের উদ্যোগ প্রান্তিক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এভাবে এগিয়ে এলে প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমানো সম্ভব হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মো. মশিউর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।

অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, গ্রামের অনেক মানুষ দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগলেও চিকিৎসকের কাছে যেতে পারেন না। তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ।

অধ্যাপক মো. মশিউর রহমান বলেন, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ উন্নয়ন কেন্দ্র (গাক), বগুড়ার সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে চোখের রোগ শনাক্ত করা গেলে অন্ধত্বের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। গাক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।

ক্যাম্পে চিকিৎসাসেবা পাওয়া রোগীরা বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও চশমা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, অর্থের অভাবে দীর্ঘদিন চিকিৎসা করাতে না পারলেও এ উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা হয়েছে।

আয়োজকরা জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমিয়ে আনাই এ কর্মসূচির মূল লক্ষ্য। ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।