রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি অপরাধ, বিশেষ করে টার্গেট কিলিংয়ের ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনায় বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯৫ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) খুলনা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার সরকার ওমর ফারুক।
পুলিশ সুপার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ঘটনা, বিশেষ করে টার্গেট কিলিংয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা আরও সুসংহত করতে এ বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত থেকে খুলনার বিভিন্ন ইউনিটে একযোগে বিশেষ অভিযান শুরু হয়। অভিযানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, দুষ্কৃতকারী এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা ও আদালতের পরোয়ানা তামিলের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৯৫ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও জেলা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ জন্য অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তাব্যবস্থায় বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়েও বিশেষ নজরদারি থাকবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে খুলনা জেলা পুলিশ।

